সশস্ত্র বাহিনী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দিনটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।আজ ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, ঘাঁটি ও স্থাপনার মসজিদে সশস্ত্র বাহিনীর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানাবেন।প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল চারটায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক সংবর্ধনার আয়োজন করেছেন। এতে উপস্থিত থাকবেন সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সংসদের বিরোধীদলীয় নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদের ডেপুটি স্পিকার, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত এবং সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।এ ছাড়া তিন বাহিনীর প্রধানদের পক্ষে নিজ নিজ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানার্থে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্রপ্রহরী সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মিত কাজের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জাতি গঠনে অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তাঁদের অবদান প্রশংসনীয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনী সব কাজে পেশাদারি ও দক্ষতার স্বাক্ষর রাখছে। দুর্যোগ মোকাবিলা, আর্তমানবতার সেবা এবং বেসরকারি প্রশাসনে সহায়তার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে তারা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করার মাধ্যমে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে। বিশ্ব শান্তি রক্ষায়ও তারা কর্মদক্ষতা ও উঁচু মানের পেশাদারির পরিচয় দিয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।সেনানিবাস যানজটমুক্ত রাখার অনুরোধ: এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সকাল সাতটা থেকে বেলা সাড়ে ১০টা এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ঢাকা সেনানিবাসের রাস্তাগুলোতে যান চলাচল পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।