সশস্ত্র বাহিনী দিবস আজ
আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পৃথক বাণী দিয়েছেন।দিবসটির শুরুতে সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।এ ছাড়া ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ-জাহাজ ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।যান চলাচল সীমিত: আজ ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিরা এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহনের চালকদের সেনানিবাস এলাকা দিয়ে চলাচল না করতে অনুরোধ করা হয়েছে। সকাল সাতটা থেকে বেলা ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।