সশস্ত্র বাহিনী বহির্বিশ্বেও ভাবমূর্তি উজ্জ্বল করবে: প্রধানমন্ত্রী
শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও সশস্ত্র বাহিনী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে—এ আমার বিশ্বাস।’
আজ শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০১৪ উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সঠিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে ও তাঁদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতি দিতে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের দেওয়া অনেক সুযোগ-সুবিধা বর্তমান সরকার ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। আরও অনেক প্রস্তাব ও প্রকল্প আমাদের সক্রিয় বিবেচনাধীন আছে।’ এরপর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন, জাতির পিতার লক্ষ্য ছিল একটি দক্ষ ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য যুদ্ধকালীন ও শান্তিকালীন বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০১৩-১৪ অর্থবছর থেকে যুদ্ধকালীন ও শান্তিকালীন পদক প্রচলন করা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ শান্তিকালীন পদকপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর ৩০ জন কর্মকর্তা জেসিও এবং অন্যান্য পদবির সদস্যদের পদকে ভূষিত করা হয়েছে। পদকপ্রাপ্ত সব কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন।’ তিনি বলেন, ‘আজকের এই সুন্দর সকালে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মাঝে আসার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন তা আমি করব, ইনশা আল্লাহ।’ এ সময় মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।