সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। তিনি অফিসে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। খবর বাসসের।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থানকালে দাপ্তরিক কার্যক্রম শেষে প্রধানমন্ত্রীর সামনে বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্গঠন এবং ‘ফোর্সেস গোল-২০৩০’-এর ওপর ব্রিফিং করা হয়। এ সময় সেখানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান, প্রতিরক্ষাসচিবসহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় বাহিনীপ্রধানরা স্ব স্ব বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান।লন্ডনের ক্যামডেনের মেয়রের সাক্ষাৎ: লন্ডনের ক্যামডেনের মেয়র আবদুল কাদের গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে চাকরিপ্রার্থীদের প্রবাসে যাওয়ার খরচ জোগাতে ঋণ দেওয়ার জন্য সরকার ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা চাকরি নিয়ে বিদেশে যেতে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত মো. জিয়াউদ্দিন, মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।