সশস্ত্র বাহিনী বিভাগের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর রক্ষণাবেক্ষণে এক বছরে ২৬ কোটি টাকার ক্ষতির তথ্য পেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। এর মধ্যে সরকারি জমি সেনাকল্যাণ সংস্থার নামমাত্র মূল্যে ইজারা দেওয়ায় ২২ কোটি ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া সরকারি সম্পত্তি ইজারা বাবদ পাওয়া দুই কোটি ২৬ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে সভায় আলী আশরাফ, চিফ হুইপ আবদুস শহীদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, নারায়ণচন্দ্র চন্দ ও ফরিদা আখতার অংশ নেন। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হিসাবের ওপর ২০০৩-০৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনের আপত্তিগুলো নিয়ে আলোচনা হয়। কমিটি এসব আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং এসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করে। সভায় সরকারি সম্পত্তি ইজারার দুই কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৫৩০ টাকা সরকারি কোষাগারে জমা না করায় ১৫ দিনের মধ্যে তা জমা দিতে বলা হয় এবং এ জন্য যারা দায়ী তাদের কাছ থেকে ব্যাখ্যা নিয়ে প্রতিবেদন কমিটিকে উপস্থাপনের সুপারিশ করা হয়।