সশস্ত্র বাহিনী বোর্ডের আইনি কাঠামো করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের কোনো আইনি সাংগঠনিক কাঠামো না থাকায় প্রশ্ন তুলেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি সশস্ত্র বাহিনী বোর্ডের কাঠামোকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আজ মঙ্গলবার এই সুপারিশ করা হয়। বৈঠকে সশস্ত্র বাহিনী বোর্ডের সাংগঠনিক কাঠামো এবং এর নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি সশস্ত্র বাহিনী বোর্ডের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আইন করার পক্ষে মত দেয়।

জানতে চাইলে কমিটির সভাপতি শওকত আলী প্রথম আলোকে বলেন, সরকারের নির্বাহী আদেশে সশস্ত্র বাহিনী বোর্ডের জন্ম হয়েছিল। তবে এর যে সাংগঠনিক কাঠামো, তার জন্য কোনো আইন নেই। কিন্তু কমিটি মনে করে, প্রতিষ্ঠানটিকে গতিশীল করতে হলে এর কাঠামোকে আইনি ভিত্তি দিতে হবে। তাই কমিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ১৯৪২ সালে ব্রিটিশ সরকারের অধীনে সোলজারস, সেইলরস অ্যান্ড এয়ারম্যান বোর্ড প্রতিষ্ঠা করা হয়। পরে পাকিস্তান আমলে প্রতিষ্ঠানটি পাকিস্তান সোলজারস, সেইলরস অ্যান্ড এয়ারম্যান বোর্ডে নামে নিজেদের কাজ পরিচালনা করে। দেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটির নাম হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড। ১৯৭২ সালের ২ নভেম্বর সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। ১৯৮৪ সালে সশস্ত্র বাহিনী বিভাগ গঠিত হওয়ার পর সশস্ত্র বাহিনী বোর্ড পরিচালনার দায়িত্ব তাদের দেওয়া হয়। বর্তমানে এই বোর্ডের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার ২৪১ জন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাঁদের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে।

কার্যপত্র থেকে আরও জানা যায়, ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত সশস্ত্র বাহিনী বোর্ডের অনিষ্পন্ন নিরীক্ষা আপত্তির সংখ্যা পাঁচটি। এর সঙ্গে জড়িত টাকার পরিমাণ ১ কোটি ২৩ লাখ ৯২ হাজার। এ ছাড়া ২০১১ থেকে ২০১৫ সালের নিরীক্ষার কাজ চলমান আছে।

সংসদীয় কমিটি এসব নিরীক্ষা আপত্তি দ্রুত নিষ্পত্তি করতে বলেছে।

শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান, সুবিদ আলী ভুঁইয়া, আবদুর রউফ ও নাভানা আক্তার অংশ নেন।