সশস্ত্র বাহিনীকে বিতর্কিত না করার আহ্বান সাবেক কর্মকর্তাদের
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা। গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ট্রাস্ট মিলনায়তনে ‘সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশীদ। তিনি বলেন, জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীকে কোনো দলের পক্ষে-বিপক্ষে দাঁড় করানোর সুযোগ নেই।সাবেক এই সেনাপ্রধান আরও বলেন, খালেদা জিয়ার বাড়ি ছাড়ার পর একটি রাজনৈতিক দলের দপ্তরে বসে আইএসপিআরের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে। আইএসপিআরের বিরুদ্ধে বিষোদ্গার করা মানে সেনাবাহিনীকেই বিতর্কিত করা।বুধবার দুপুরের ওই অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন পদমর্যাদার দেড় শতাধিক সাবেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়া আহমেদ প্রমুখ। তাঁরা রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করা থেকে সতর্ক থাকতে সরকার, বিরোধী দলসহ সবার প্রতি আহ্বান জানান।বিএনপির নেত্রী খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বিষয়টি আদালতের বিষয়—এ মন্তব্য করে লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশীদ বলেন, এতে অকারণে সেনাবাহিনীকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।হারুন-অর-রশীদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীকে রাজনীতির হাতিয়ার বানিয়ে ব্যক্তিগত বা দলীয় ফায়দা লোটার চেষ্টায় সর্বদা ব্যাপৃত। সেনানিবাসকে কেন্দ্র করে রাজনৈতিক দল গড়ে ওঠা একেবারেই অবাঞ্ছিত বিষয়। ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করা এবং রাজনৈতিক দল করাও সম্পূর্ণ বেআইনি কার্যক্রম।সাবেক এই সেনাপ্রধান বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী সেনানিবাসের ভেতর থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা অবৈধ দখলদারি থেকে কোনো বাড়ি মুক্ত করলে সশস্ত্র বাহিনীর কিছুই করার নেই।খালেদা জিয়ার ওই বাড়ির বিষয়ে ১৫ নভেম্বর একটি রাজনৈতিক দলের (বিএনপি) সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের পাল্টা যুক্তি দিয়ে সাবেক সেনাপ্রধান বলেন, সেদিন উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও মনগড়া বক্তব্য দেওয়া হয়েছে।