সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিত সম্পদের মধ্যেই দেশের সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী, দক্ষ ও শক্তিশালী করে গড়ে তোলা হবে। একই সঙ্গে এই বাহিনীর বাস্তবসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার মিরপুর ক্যান্টনমেন্টে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিগ্রি অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। আর সেই সীমিত সম্পদ দিয়েই আমরা একটি যুগোপযোগী, দক্ষ ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, বর্তমান বিশ্বনিরাপত্তা ব্যবস্থায় নতুন নতুন পরিবর্তনের ফলে সামরিক বাহিনীর ভূমিকা ও দায়িত্বে এসেছে বহুমাত্রিকতা। সশস্ত্র বাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমেও পরিবর্তিত সময়ের এ চাহিদার প্রতিফলন থাকা প্রয়োজন। কমান্ড ও স্টাফ কলেজের প্রশিক্ষণ কার্যক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় গুরুত্বারোপ করায় অনুষ্ঠানে তিনি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে—এ প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে। বিশ্বশান্তি রক্ষা এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান সুস্পষ্ট উল্ল্লেখ করে তিনি বলেন, ‘এ আদর্শ সামনে রেখে সশস্ত্র বাহিনীকে সামনে এগিয়ে যেতে হবে।’
এ বছর ডিএসসিএসসি কোর্স শেষ করেন ১৮৮ জন কর্মকর্তা। কোর্সে ১০০ জন সেনাবাহিনী, ২৩ জন নৌবাহিনী, ২১ জন বিমানবাহিনী ও বাকি ৪৪ জন বিভিন্ন দেশ থেকে অংশ নেন।
আলজেরিয়া-কিউবার অভিনন্দন: শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার প্রধানমন্ত্রী আব্দেল মালেক সেল্লাল গতকাল বুধবার তাঁকে অভিনন্দন জানিয়েছেন। পৃথক বার্তায় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোও শেখ হাসিনাকে অভিনন্দন জানান।