সশস্ত্র বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা
কোনো যোগ্যতার প্রয়োজন নেই—শুধু মোটা অঙ্কের টাকা দিলেই হবে। বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও পুলিশ বাহিনীতে চাকরি দেন তাঁরা। এক জেলার চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা পেলেই সটকে পড়েন অন্য জেলায়। কিন্তু চাকরি জোটে না কারও।বাংলাদেশ নৌবাহিনীর গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গত রোববার রাতে পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে প্রতারক চক্রের এমন পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধ্যায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত নাবিক ও যশোরের মশরহাটি গ্রামের কামরুজ্জামান, অপর অবসরপ্রাপ্ত নাবিক ও নওগাঁর পার নওগাঁ গ্রামের এস এম মাহমুদ, পাবনার টাচমোহর উপজেলার কাঁটাখালী গ্রামের জয়নাল আবেদিন, রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাঙনি গ্রামের সামসুল আলম সরকার ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের মঈন উদ্দিন মণ্ডল। র্যাব জানায়, চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে এই চক্রটি মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সম্প্রতি নৌবাহিনীর এ-২০১৩ ব্যাচের নাবিক নিয়োগ চলাকালে চক্রটি দেশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা সংগ্রহ শুরু করে। ভুয়া কাগজপত্র ও সিলমোহর ব্যবহার করে তারা বহু চাকরিপ্রার্থীর কাছ থেকে নগদ টাকাও নিয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও র্যাবের গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে পাবনা শহরের হোটেল পার্ক থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাকরিপ্রার্থীদের বেশ কিছু নকল সার্টিফিকেট, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নকল সিলমোহর, টাকা লেনদেনের চেক ও চাকরিপ্রার্থীদের চুক্তিনামা পাওয়া যায়। র্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মাসুদুর রহমান জানান, চক্রের অন্য সদস্যদের ধরতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।