সশস্ত্র বাহিনীতে স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী সশস্ত্র বাহিনীতে প্রচার করা হয়েছে।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হয়। দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে সশস্ত্র বাহিনীর সব মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। এই অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সুসজ্জিত একটি দল আন্তঃবাহিনী গার্ড অব অনার প্রদান করে। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনীর সব সদর দপ্তর, ইউনিট, ঘাঁটি ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সীমিত আলোকসজ্জা করা হয়। ঢাকার বাইরে সেনানিবাস বা ঘাঁটির প্রধান ফটক, ফরমেশন সদর দপ্তরের প্রধান ফটক ও তৎসংলগ্ন এলাকা ও নৌবাহিনীর জাহাজগুলোতেও আলোকসজ্জা করা হয়।
নৌবাহিনীর কয়েকটি জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য ঢাকার সদরঘাট, পাগলা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও মংলা বন্দর, বরিশাল এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজ বেলা দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। সৈনিক মেসগুলোতে প্রীতিভোজ ও সামরিক হাসপাতালগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সেনানিবাস বা ঘাঁটি এলাকার প্রেক্ষাগৃহগুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বিনা মূল্যে প্রদর্শনীর আয়োজন করা হয়। -আইএসপিআর