সশস্ত্র বাহিনীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে গতকাল সোমবার বাংলাদেশ সশস্ত্র বাহিনী আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও অন্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। ইফতারের আগে সশস্ত্র বাহিনীর উন্নয়ন, অগ্রগতিসহ দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট হত্যাকাণ্ডে নিহত অন্যান্য শহীদ, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যসহ অন্যান্য শহীদের আত্মার শান্তি কামনা করেও এ সময় দোয়া করা হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মো. নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও কূটনৈতিক কোরের ডিন প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, রাজনীতিবিদ, তিন বাহিনীর সাবেক প্রধানগণ, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা
রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি ব্যাংক গতকাল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দান করেছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম নজরুল ইসলাম বলেন, অগ্রণী ব্যাংক ১ কোটি টাকা এবং সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক ৫০ লাখ টাকা করে দান করে। প্রধানমন্ত্রীকে তাঁর জাতীয় সংসদ কার্যালয়ে এই অর্থের চেক হস্তান্তর করা হয়।