সশস্ত্র বাহিনীর ইফতারে প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গতকাল সোমবার ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সম্মানে এ ইফতারের আয়োজন করেছিল সশস্ত্র বাহিনী। প্রধানমন্ত্রী ইফতারে সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খবর বাসসের।
ইফতারের আগে দেশের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাহমুদুল হক মোনাজাত পরিচালনা করেন।
ইফতারে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান আবু এসরার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) আবু বেলাল মুহাম্মদ শফিকুল হক এবং কূটনৈতিক কোরের ডিন সায়ের মোহাম্মদ ইফতার মাহফিলের মঞ্চে উপস্থিত ছিলেন।
ইফতারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, রেলমন্ত্রী মুজিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন প্রমুখ।