সশস্ত্র বাহিনীর ইফতারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আয়োজিত সশস্ত্র বাহিনীর ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিলে ঘুরে সশস্ত্র বাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে শান্তি, প্রগতি এবং সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রগতিতে দোয়া কামনা করা হয়। এ সময় মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়।
ইফতার অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোচারি উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর সাবেক প্রধানেরা, কূটনীতিকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ইফতারে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী সেনা মালঞ্চে পৌঁছালে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং তিন বাহিনীর প্রধানেরা তাঁকে অভ্যর্থনা জানান।