সশস্ত্র বাহিনীর ক্রয়ে স্বচ্ছতা বাড়াতে আইন প্রণয়নের সুপারিশ
সশস্ত্র বাহিনীর ক্রয়-প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে একটি আইন প্রণয়নের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সরকারি অন্যান্য কেনাকাটার জন্য বিদ্যমান গণখাতে ক্রয় আইনের (পিপিআর) মতো একটি আইন করার প্রস্তাব করেছে এ কমিটি।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা হয়। সভায় একাধিক সাংসদ সশস্ত্র বাহিনীর কেনাকাটায় স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, একটি আইনের অধীনে হলে ভবিষ্যতে এ নিয়ে কোনো বিতর্ক হবে না।বৈঠকের পর কমিটির সভাপতি ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, সশস্ত্র বাহিনীর কেনাকাটায় আরও স্বচ্ছতা আনার জন্য পিপিআরের আদলে একটি আইন করতে বলা হয়েছে। কারণ সশস্ত্র বাহিনীর জন্য প্রতিবছরই বিপুল পরিমাণ কেনাকাটা করতে হয়। একটি সুনির্দিষ্ট আইন থাকলে এ ধরনের কেনাকাটায় গতি এবং স্বচ্ছতা দুটিই বজায় থাকবে।জানা গেছে, সরকারি দলের একজন সাংসদ এ প্রস্তাব উত্থাপন করলে বিএনপির সদস্য জমিরউদ্দিন সরকারও এর সঙ্গে একমত পোষণ করেন বলে জানা গেছে। এ নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনার পর গণখাতে ক্রয় আইনের আদলে সশস্ত্র বাহিনীর কেনাকাটার জন্য একটি পৃথক আইন প্রণয়নের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।এ ছাড়া সভায় ক্যাডেট কলেজ, নৌবাহিনী ও বিমানবাহিনী পরিচালিত স্কুল-কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজগুলোর ওপর চারটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা এসব প্রতিবেদনের ওপর মতামত দেন।সভায় ক্যাডেট কলেজগুলোতে আসনসংখ্যা বাড়ানো এবং মেয়েদের ভর্তির সুযোগ বাড়ানোর সুপারিশ করা হয়। কমিটি দেশের বৃহত্তর ২০টি জেলায় পর্যায়ক্রমে একটি করে ক্যাডেট কলেজ স্থাপনের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলে। এ ছাড়া আগের পরিকল্পনা অনুসারে হাওড় অঞ্চলে একটিসহ নতুন ক্যাডেট কলেজ স্থাপনের কাজ দ্রুততম সময়ে শেষ করার সুপারিশ করা হয়।কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় সদস্যরা, প্রধানমন্ত্রীর প্রতিনিধি এম এ মান্নান, সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমান, প্রতিরক্ষাসচিব খোন্দকার মো. আসাদুজ্জামান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।