সশস্ত্র বাহিনীর জন্য জঙ্গি বিমান, ফ্রিগেট ও ট্যাংক কেনা হবে
সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নে সরকার চলতি অর্থবছরে জঙ্গিবিমান, ফ্রিগেট ও ট্যাংক কেনার উদ্যোগ নিয়েছে। সশস্ত্র বাহিনীর নিত্যপ্রয়োজনীয় সরঞ্জামাদির পাশাপাশি এসব যুদ্ধাস্ত্র কেনা হবে।জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার প্রশ্নোত্তরপর্বে সংসদকার্যে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানান।চাঁদপুরের সাংসদ হারুনুর রশিদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের জন্য চলতি অর্থবছরে এক স্কোয়াড্রন জঙ্গিবিমান এবং জঙ্গিবিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে নৌবাহিনীর জন্য পুরোনো ফ্রিগেট কেনারও পরিকল্পনা করেছে সরকার। তিনি বলেন, সেনাবাহিনীর নিত্যপ্রয়োজনীয় সরঞ্জামাদির পাশাপাশি বর্তমান অর্থবছরে সাতটি ট্যাংক, একটি আর্মার্ড রিকভারি ভেহিকেল (এআরভি) ও জাতিসংঘ মিশনের জন্য ৮০টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি), পাঁচটি এআরভি, পাঁচটি এপিসি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, ১০ বছরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চলতি অর্থবছরে নৌবাহিনীর জন্য দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, পাঁচটি পেট্রোল ক্রাফট নির্মাণ, একটি হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ এবং একটি অয়েল ট্যাংকার নির্মাণের কাজ শুরু হবে। এ ছাড়া লার্জ পেট্রোল ক্রাফট ও যুক্তরাজ্যের নৌবাহিনী থেকে অফশোর পেট্রোল ভেসেল কেনার কার্যক্রম চলছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম, এক স্কোয়াড্রন জঙ্গিবিমান, একটি এয়ার ডিফেন্স রাডার, দুটি হেলিকপ্টার চলতি বছরই কেনার পরিকল্পনা রয়েছে।১০ লাখ একর সরকারি জমি অবৈধ দখলে রয়েছে: মোহাম্মদ শাহ আলমের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা সংসদে জানান, দেশে বর্তমানে ১০ লাখ ১০ হাজার একর সরকারি জমি অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে খাস, অর্পিত, পরিত্যক্ত এবং সরকারি প্রতিষ্ঠানের জমি রয়েছে। গতকাল বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপন করা হয়।