সশস্ত্র বাহিনীর নির্বাচনী দায়িত্ব পালন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের দায়িত্ব পালনে গতকাল রাজশাহী শহরে সেনাবাহিনী অবস্থান নেয় ষ প্রথম আলো
নির্বাচনের দায়িত্ব পালনে গতকাল রাজশাহী শহরে সেনাবাহিনী অবস্থান নেয় ষ প্রথম আলো

সশস্ত্র বাহিনী আজ বৃহস্পতিবার থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন শুরু করেছে। এবার নির্বাচনে দায়িত্ব পালনকারী সশস্ত্র বাহিনীর সদস্যসংখ্যা ৫০ হাজারের কম-বেশি হতে পারে বলে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার অর্ধেকের বেশি (৩০০ আসনের মধ্যে ১৫৪টি) আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও নির্বাচনী ব্যয় খুব একটা কমছে না। একতরফা এই নির্বাচনের ব্যয়ও শেষ পর্যন্ত ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে সিংহভাগ টাকা ব্যয় হবে আইনশৃঙ্খলা খাতে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনেও (ষষ্ঠ সংসদ) নির্বাচন পরিচালনা ব্যয়ের তুলনায় আইনশৃঙ্খলা খাতে ব্যয় ছিল প্রায় চার গুণ।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, সশস্ত্র বাহিনী উপজেলা ও থানায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। তারা ভোটকেন্দ্রের ভেতর প্রবেশ করবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তারা ভোটকেন্দ্রের ভেতরে যেতে পারবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়কে নিরাপদে যানবাহন চলাচলে এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষায়ও কাজ করবে। নৌবাহিনী উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করবে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৬০ হাজারের মতো সদস্য দায়িত্ব পালন করেছিলেন।
কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোন জেলায় সশস্ত্র বাহিনীর কত সদস্য দায়িত্ব পালন করবেন, তা রিটার্নিং কর্মকর্তা ঠিক করবেন। কী পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে, তা নিজ নিজ বাহিনীর সদর দপ্তর নির্ধারণ করবে। সশস্ত্র বাহিনী ৯ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এবারের নির্বাচনী ব্যয় ধরা হয়েছিল ৫০০ কোটি টাকা। এর মধ্যে নির্বাচন পরিচালনা ব্যয় ২০০ কোটি টাকা। এখন ১৫৪ আসনে নির্বাচন না হওয়ায় তা কমে ১২০ কোটি বা এর কম-বেশি হতে পারে। এর মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের ভাতা বাবদ ব্যয় হবে ৫০ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার টাকা। এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বিভাগ থেকে ১৪৭ কোটি টাকা, সশস্ত্র বাহিনী থেকে ৫৪ কোটি, আনসার থেকে ২০৬ কোটি এবং কোস্টগার্ড থেকে ৬৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখনো বাজেট প্রস্তাব দেয়নি।
কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, এসব হিসাবে কিছুটা কাটছাঁট হতে পারে। সে ক্ষেত্রে সব মিলিয়ে ব্যয় ৫০০ কোটি টাকার বেশি বা কম হতে পারে।
জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণ কর্মকর্তাদের সংখ্যা কমে যাওয়ায় নির্বাচন পরিচালনা খাতে ব্যয় কমবে। কিন্তু অন্যান্য খাতে ব্যয় খুব একটা কমবে না। এ কারণে সার্বিক ব্যয় তেমন কমবে না।
আগামী ৫ জানুয়ারি ১৪৬টি আসনে ভোট গ্রহণ হবে। এগুলোতে প্রার্থীর সংখ্যা ৩৮৬ জন। মোট ভোটারের সংখ্যা চার কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৬৭০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৮ হাজার ১২৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯০ হাজার ৭২৪টি। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৬১ জন রিটার্নিং কর্মকর্তা, ১৮ হাজার ১২৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯০ হাজার ৭২৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং এক লাখ ৮১ হাজার ৪৪৮ জন পোলিং অফিসার।
নবম সংসদ নির্বাচনে মোট ব্যয় ছিল ১৬৫ কোটি ৫০ হাজার টাকা। এর মধ্যে নির্বাচন পরিচালনা ব্যয় ছিল ৬৭ কোটি ২১ লাখ চার হাজার এবং আইনশৃঙ্খলা খাতে ব্যয় ছিল ৯৭ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার টাকা। এই হিসাবে দশম সংসদ নির্বাচনে ব্যয় বাড়ছে নবম সংসদ নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ।
১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ২৪ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা। এর মধ্যে নির্বাচন পরিচালনা ব্যয় ছিল সাত কোটি ২১ লাখ ৯৩ হাজার। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ব্যয় ছিল ৩৭ কোটি চার লাখ ৪৬ হাজার টাকা। এর মধ্যে নির্বাচন পরিচালনায় সাত কোটি ৬২ লাখ ৯৬ হাজার এবং আইনশৃঙ্খলা খাতে ২৯ কোটি ৪১ লাখ ৪৯ হাজার টাকা ব্যয় হয়েছিল। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ব্যয় হওয়া ৪০ কোটি ছয় লাখ ২৩ হাজার টাকার মধ্যে নির্বাচন পরিচালনায় ২১ কোটি ২৭ লাখ ২২ হাজার এবং আইনশৃঙ্খলা খাতে ১৮ কোটি ৭৯ লাখ এক হাজার টাকা ব্যয় হয়। অষ্টম সংসদ নির্বাচনে ৭২ কোটি ৭১ লাখ ৩২ হাজার টাকার মধ্যে নির্বাচন পরিচালনায় ৩০ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার এবং আইনশৃঙ্খলা খাতে ৪২ কোটি সাত লাখ ৮৩ হাজার টাকা ব্যয় হয়।