সশস্ত্র বাহিনীর নেতিবাচক মূল্যায়ন করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর নেতিবাচক মূল্যায়ন করা যাবে না। গতকাল সোমবার সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন সংসদকাজে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সিলেট-৫ আসনের সাংসদ সেলিম উদ্দিন এ-সম্পর্কিত প্রশ্নে বলেন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের র্যাবসহ বিভিন্ন বাহিনী এবং জনপ্রশাসনে প্রেষণে পদায়নের ফলে তাঁরা বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত হয়ে নিজস্ব বাহিনীর সুনাম ক্ষুণ্ন করছেন। তিনি জানতে চান, বিভিন্ন বাহিনী ও জনপ্রশাসনে তাঁদের প্রেষণে পদায়ন বন্ধ করে সব বাহিনী ও জনপ্রশাসনকে শক্তিশালী করার পরিকল্পনা আছে কি না।
জবাবে সৈয়দ আশরাফ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বাহিনী বা সংস্থার নেতিবাচক মূল্যায়ন সুবিবেচনাপ্রসূত হতে পারে না। কাজেই এসব সংস্থায় বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন বা প্রেষণে নিয়োগ স্থগিত করার পরিবর্তে সমস্যা চিহ্নিত করে প্রচলিত ব্যবস্থার সংশোধন ও পরিমার্জন করাই অধিকতর ফলপ্রসূ হবে।
বাংলাদেশে বেশ কয়েকটি প্রকল্পে সেনাবাহিনী নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছে বলে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, গণকর্মচারী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মেধা ও দক্ষতার সংমিশ্রণে বিভিন্ন বাহিনী ও জনপ্রশাসনকে শক্তিশালী করা হবে।
সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের আগে বিকেল সোয়া চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।