বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনীর মধ্যে ‘সম্প্রীতি ও সৌহার্দ’ বজায় রাখতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি ১১ দফা নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় পেশাদার বাহিনী হিসেবে আবেগ, অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে আইন ও বিধির আলোকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৮ মে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত ওই নির্দেশনা ঢাকার সব অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ট্রাফিক ইন্সপেক্টরের কাছে পাঠানো হয়।
কেন এই নির্দেশনা জারি করা হলো, সে সম্পর্কে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে ওই চিঠিতে নির্দেশনা কেন জারি করা হলো, সে সম্পর্কে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় প্রায়ই বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে অসৌজন্যমূলক আচরণ, দুর্ব্যবহারসহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ঘটনার তথ্য পাওয়া যাচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশের দীর্ঘদিনের কষ্টার্জিত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অবস্থা যা-ই হোক, কোনো বাহিনীকে কটাক্ষ করে কিছু বলা যাবে না।
নির্দেশনাগুলো মানা হচ্ছে কি না, তা নজরদারি করার দায়িত্ব দেওয়া ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারকে (অপারেশন্স) এই নির্দেশনা প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় সশস্ত্র বাহিনীর সদস্য পরিচয় পাওয়ামাত্রই তাঁর প্রতি যথাযথ সৌজন্য প্রদর্শন ও পেশাদার আচরণ করার কথা বলা হয়েছে। সশস্ত্র বাহিনীর কোনো সদস্য কোনো অভিযোগে বা অপরাধে আটক হলে তাৎক্ষণিকভাবে যথাযথ সামরিক কর্তৃপক্ষকে জানানোর কথা বলা হয়েছে। আইন লঙ্ঘন করলেও কর্তব্যরত পুলিশ সদস্যকে তাঁদের সঙ্গে কোনোরূপ বাদানুবাদ বা অসৌজন্যমূলক আচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা-সদস্যের নাম, ঠিকানা, গাড়ির নম্বর ইত্যাদি এবং ঘটনার স্থান, তারিখ ও সময় উল্লেখ করে যথাযথ সাক্ষ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট উপকমিশনারের কাছে তাৎক্ষণিকভাবে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপকমিশনার ঘটনাটি যুগ্ম পুলিশ কমিশনারকে জানাবেন। সশস্ত্র বাহিনীর কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলেও রেকার ব্যবহার না করে সংশ্লিষ্ট মিলিটারি পুলিশ ইউনিটকে জানানোর নির্দেশনা জারি করা হয়েছে।
যে জায়গায় কোনো পুলিশ সদস্য ‘অনভিপ্রেত আচরণের’ শিকার হন, সে ক্ষেত্রে পাল্টা অসৌজন্যমূলক আচরণ না করে সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারের মাধ্যমে লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। আরও বলা হয়েছে, কোনো পক্ষ থেকে অপর পক্ষের ওপর শারীরিকভাবে বল প্রয়োগ, আপত্তিকর বা অবমাননাকর ভাষা ব্যবহার করা হলে বা করার চেষ্টা হলে অপর পক্ষ যতটা সম্ভব সময়ে অনুসন্ধানপূর্বক প্রযোজ্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং পুলিশ সদর দপ্তর ও ক্ষেত্রবিশেষে সংক্ষুব্ধ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালানোর ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।