সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে গতকাল বুধবার সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এ সময় সশস্ত্র বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে অংশ নেন। তিনি দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে ইফতার-পূর্ব বিশেষ মোনাজাতেও অংশ নেন।
ইফতারে অন্যদের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সায়েদুল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও কূটনীতিক কোরের ডিন মাহমুদ ইজ্জাত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সাংসদেরা, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর সাবেক প্রধান, কূটনীতিক এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। এর আগে প্রধানমন্ত্রী সেনামালঞ্চে পৌঁছালে তাঁর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধানেরা এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁকে স্বাগত জানান।