বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সহিংস তৎপরতার কারণে মাঠপর্যায়ে নির্বাচনী মালামাল পাঠানোর জন্য সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় নির্বাচনী আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে ইসি থেকে এই প্রস্তাব দেওয়া হতে পারে।
আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকটি কাল বিকেল তিনটায় ইসি সচিবালয়ে অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনী ও কর্তৃপক্ষের শীর্ষ
কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল বুধবার সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ ও কমিশন সচিব
মোহাম্মদ সাদিকের সঙ্গে বৈঠক করেন।
জানতে চাইলে মোহাম্মদ সাদিক কোনো মন্তব্য করেননি। তবে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, অবরোধ ও সহিংস কর্মসূচির কারণে মাঠপর্যায়ে নির্বাচনী মালামাল পাঠানো কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তার
জন্য এবার নির্বাচনী মালামাল গাড়িবহর গঠন করে পাঠানো হবে। প্রতিটি বহরের সঙ্গে থাকবে পুলিশ, র্যাব ও বিজিবি। এই বহরে যাতে সেনা সদস্যদের যুক্ত করা যায়, সে জন্য আইনশৃঙ্খলা বৈঠকে সশস্ত্র
বাহিনী বিভাগকে প্রস্তাব দেওয়া হতে পারে।
ভোট গ্রহণের জন্য কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, যেসব জেলায় জামায়াতের সহিংসতা বেশি হয়েছে, সেখানে আগেই সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। এ ছাড়া প্রতিটি জেলায় এক ব্যাটালিয়ন ও থানা বা
উপজেলায় দুই থেকে চার প্লাটুন সশস্ত্র বাহিনীর সদস্য থাকবেন। সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের দুদিন পর পর্যন্ত মাঠপর্যায়ে অবস্থান করবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সাড়ে পাঁচ লাখ এবং সশস্ত্র বাহিনীর ৫০ হাজার সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী অপরাধ রোধে নিয়োজিত থাকবেন ৯০০ ম্যাজিস্ট্রেট।
কামাল মজুমদারকে জরিমানা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি দলের সাংসদ ও আসন্ন নির্বাচনের প্রার্থী কামাল আহমেদ মজুমদারকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের
কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে মিরপুর-১০ নম্বর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিয়া জায়গিরদার এই দণ্ড দেন। তাসনিয়া জায়গিরদার প্রথম আলোকে বলেন, কামাল মজুমদার নির্বাচনী আইন
লঙ্ঘন করে নির্বাচনী পোস্টার বিলবোর্ডে সেঁটেছেন। বিধি অনুযায়ী পোস্টার সুতা বা দড়িতে ঝোলানোর কথা। সেজন্য তাঁকে দণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে ঢাকা-৭-এর স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন সরকারদলীয় সাংসদ ও প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দীন। অভিযোগে বলা হয়েছে,
হাজী সেলিম তাঁর পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন। কিন্তু আচরণবিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। বিষয়টি আজ নির্বাচন
কমিশন থেকে তদন্তের জন্য পাঠানো হতে পারে।