সশস্ত্র বাহিনীর সুনাম প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনোভাবেই সশস্ত্র বাহিনীর সুনাম প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না। শান্তিরক্ষা মিশনে দেশের সুনাম সমুন্নত রাখতে হবে। সরকার এ ক্ষেত্রে কোনো রকম অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাশত করবে না।
গতকাল বৃহস্পতিবার সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) ২০১৫-১৬ কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে এ অনুষ্ঠানে তিনি গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ করেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম অক্ষুণ্ন থাকবে। যে যেখানেই নিয়োজিত থাকুন না কেন, নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করবেন।’ তিনি আরও বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও দক্ষতা শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও অনেক সুনাম কুড়িয়েছে, যা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষার পাশাপাশি কর্মরত দেশগুলোতে গণতন্ত্রের বিকাশ, আর্থসামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন ও পুনর্গঠনে ব্যাপক সাফল্যের স্বাক্ষর রেখেছে।’
জাতিসংঘের মহাসচিব বান-কি মুনের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেছেন, এই কার্যক্রমে বাংলাদেশ নেতৃত্বের স্থানে রয়েছে। বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।
প্রধানমন্ত্রী জানান, বিশ্বে মোট শান্তিরক্ষীর ১০ জনের একজন বাংলাদেশের। ১৯৮৮ সালে এ মিশন শুরুর প্রথম বছর ‘পর্যবেক্ষক’ থেকে পরবর্তী সময়ে পরিচালিত মোট ৬৬টি মিশনের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে অংশ নেয়। বর্তমানে পরিচালিত ১৬টি মিশনের ১১টিতে বাংলাদেশের ৮ হাজার ৫০১ জন শান্তিরক্ষীর দায়িত্ব পালন করছেন।
সশস্ত্র বাহিনীকে দেশের জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বাহিনী স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ক্ষমতাকাঠামোর অন্যতম একটি প্রতিষ্ঠান।
সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্টাফ কলেজের বহুতল একাডেমিক ভবনসহ আরও কিছু উল্লেখযোগ্য স্থাপনা নির্মিত হয়েছে, যা প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, তিন বাহিনীর প্রধান, সাংসদ, কূটনীতিক এবং জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।