সশ্রদ্ধ ভালোবাসায় সিক্ত রশীদ তালুকদারের অন্তিমযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিতে ক্যামেরা রেখে ফটোসাংবাদিকেরা ঘিরে আছেন চারপাশ। পিনপতন নীরবতা। মাঝে ফুলে ফুলে ঢাকা কফিনে শুয়ে আছেন তিনি। কিছুক্ষণ পর সহকর্মীরা কাঁধে করে তাঁকে তুলে দিলেন ফুলে ফুলে ভরা শববাহী গাড়িতে। গতকাল বুধবার রোদঝলমলে অপরাহ্নে শহীদ মিনার চত্বর থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে না ফেরার দেশে রওনা দিলেন তিনি।বাংলাদেশের ইতিহাসের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা প্রখ্যাত আলোকচিত্র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা রশীদ তালুকদার অন্তিমযাত্রায় এভাবেই সিক্ত হলেন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা ও ভালোবাসায়। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ৭২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে এ মাসের মাঝামাঝি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল সকাল ১০টা ৫২ মিনিটে রশীদ তালুকদারের কফিন শহীদ মিনারে আনা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ মিনারের সামনে শোকমঞ্চে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁদের প্রতিনিধিরা কফিনে ফুল দেন। শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ, পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল সেলিম, নাট্যজন রামেন্দু মজুমদার, অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ অনেকে। এ সময় তাঁর এক ছেলে, দুই মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবীণ আলোকচিত্রী গোলাম মোস্তফা বলেন, ‘রশীদ সারা জীবন যে ছবি তুলেছেন তা সংবাদপত্র তো বটেই, আলোকচিত্র সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘ষাটের দশকের আন্দোলন-সংগ্রামে রশীদ তালুকদার ছিলেন একনিষ্ঠ কর্মী। তিনি ছবি তুলেছেন আবার একই সঙ্গে সংগ্রাম করতে গিয়ে পুলিশের লাঠিপেটা খেয়েছেন। আবার আহতদের হাসপাতালেও নিয়ে গেছেন। তাঁর সব ছবি একসঙ্গে সাজালে বাংলাদেশের সঠিক ইতিহাস উঠে আসবে।’সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসূফ বলেন, ‘রশীদ তালুকদার ছিলেন বাঙালির মুক্তির সংগ্রামের জীবন্ত সাক্ষী। তিনি লেখ্য ইতিহাসের বিকল্প ইতিহাস।’ বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় শ্রমিক লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন, শিল্পকলা একাডেমী, মণি সিংহ স্মৃতি ট্রাস্ট, ছাত্র-শিক্ষক পেশাজীবী জনতা, প্রথম আলো, কারক নাট্যসম্প্রদায়, বাংলাদেশ মহিলা পরিষদ, বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফি, পাঠশালা, বাংলাদেশ বেকার নার্স অ্যাসোসিয়েশন, দৃকবাসীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রশীদ তালুকদারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে রশীদ তালুকদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় অসংখ্য সাংবাদিকসহ উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ প্রমুখ। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ডেইলি স্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফটোজার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকাল সাড়ে নয়টায় বাসাবো মদিনা মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বরেণ্য এই আলোকচিত্রীকে আজিমপুর গোরস্তানে দাফন করা হয়।