সস্তা রাজনীতিতে জড়াবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সস্তা ও উচ্ছৃঙ্খল রাজনীতিতে নিজেদের না জড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, এ দেশের সন্তান হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিবেদন করা।
কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সংবর্ধনা সভায় কলেজের সাবেক ছাত্রনেতা রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মো. আরজ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাহবুবা সুলতানা ও ছাত্রী ফাতেমা জহুরা। সংসদ সদস্য আফজাল হোসেন ও রেজোয়ান আহাম্মদও এ সময় উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সস্তা রাজনৈতিক ডামাডোলে নিজেদের বিলিয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ ও মানুষের প্রতি ছাত্রছাত্রীদের মমত্ববোধ থাকতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, ‘১৯৬১ সালে এ কলেজে ভর্তি হয়েছিলাম। চার বছর পড়ার কথা ছিল। ভালো ছাত্র ছিলাম না। আট বছর কলেজের ছাত্র থেকে শিক্ষকদের নিয়ে বিভিন্ন উন্নয়নকাজের তদারকি করেছি। এই কলেজের মেধাবী ছাত্র বিচারপতি সাহাবুদ্দীন রাষ্ট্রপতি হয়েছেন।’