সস্তায় বিদ্যুৎ দিতে আগ্রহী ভুটান

বাংলাদেশকে সস্তায় জলবিদ্যুৎ দিতে আগ্রহী ভুটান। দেশটির সফররত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লিওনপো নুরবু ওয়াংচুক আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ভুটানর বর্তমানে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বলে জানিয়েছেন সফররত মন্ত্রী। এ অবস্থায় বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে তাঁরা কম দামে বিদ্যুৎ দিতে চান।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির পাশাপাশি ওই দেশের পরবর্তী বিদ্যুৎ প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ভুটানের সম্ভাব্য উৎপাদিত বিদ্যুৎ এ দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশে আসবে।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ভুটান ছাড়াও ভারত ও নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় এবং উপ-আঞ্চলিক পর্যায়ে পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জলবিদ্যুৎ এবং যোগাযোগ সংশ্লিষ্ট খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত মোটরযান চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি চার দেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করবে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও বিদ্যুৎ সচিব মনোয়ারুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।