চলতি বছর জুন মাসেই দেশবাসী সস্তায় ল্যাপটপ কিনতে পারবে। আর মাঠ প্রশাসনের কাজে গতি আনতে এই সময়ের মধ্যে দেশের ৭২টি স্থানে ভিডিও কনফারেন্সিং নেটওয়ার্ক চালু করা হবে। এ ছাড়া তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি) প্রক্রিয়া চালু করা হলে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে টেলিটক অগ্রাধিকার পাবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। এ সময় টেলিসচিব সুনীল কান্তি বোস ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ উপস্থিত ছিলেন। দেশীয় মোবাইল কোম্পানি টেলিটকের উন্নয়নে চীন সরকারের কাছ থেকে ঋণ নেওয়া হবে জানিয়ে রাজিউদ্দিন আহমেদ বলেন, দেশে থ্রিজি প্রযুক্তি সবার আগে টেলিটকে চালু করা হবে। এ জন্য চীন থেকে প্রাপ্ত ঋণের টাকা টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে ব্যয় করা হবে।দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স নবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মোবাইল ফোন কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নের ক্ষেত্রে তরঙ্গ (স্পেকট্রাম) মূল্য পুনর্বিবেচনা করা হবে। ইতিমধ্যে অপারেটর ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের সুপারিশ/মতামত পাওয়া গেছে।