সস্ত্রীক দেশে ফিরলেন জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গতকাল সোমবার স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও কন্যা সোফিয়াকে নিয়ে দেশে ফিরেছেন। তিনি পক্ষকাল দেশে থাকতে পারেন। তা ছাড়া আগামী ১৭ মে প্রধানমন্ত্রীর চীন সফরে সঙ্গী হতে পারেন তিনি।আমেরিকা প্রবাসী জয় মাঝেমধ্যে দেশে এলেও এবার তাঁর দেশে আসার তাত্পর্য আছে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করে। গত সপ্তাহে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দলের প্রাথমিক সদস্য পদ পেয়েছেন তিনি। আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে এবার তিনি দেশে ফিরলেন। সূত্র জানায়, দেশে অবস্থানকালে জয় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করতে পারেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা গ্রেপ্তার হলে মায়ের মুক্তির দাবিতে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার ক্ষেত্রে জয় বিশেষ ভূমিকা পালন করেন। তা ছাড়া দলের নির্বাচনী ইশতেহার ও কৌশল প্রণয়নেও জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।