ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনকে অব্যাহতি দিয়ে সরকার নতুন উপাচার্য নিয়োগ দিলেও এখনই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করছে না শিক্ষক সমিতি। আগের দাবি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ শাহজাহান আলীকে সরালেই ক্লাস-পরীক্ষায় ফিরবেন শিক্ষকেরা।গতকাল শুক্রবার শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী ও সাধারণ সম্পাদক আ ছ ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, ‘শিক্ষক সমিতি সাধারণ সভা করে সর্বসমঞ্চত সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ শাহজাহান আলীকে অবাঞ্ছিত ঘোষণা করে। আমাদের আন্দোলন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে। শুধু একজনকে সরিয়ে আমাদের শান্ত করা যাবে না। বাকি দুজনকে সরালে তবেই আমরা আন্দোলন থেকে ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।’