সহ-উপাচার্য অবরুদ্ধ, ক্যাম্পাসে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষার্থীরা দাবি আদায়ে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহ-উপাচার্যকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা ক্যাম্পাসে ভাঙচুরও করেন।

বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য, সহ-উপাচার্য, ডিন, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগ; ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (আইইবি) সদস্যপদ গ্রহণ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা গতকাল বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফয়’স লেক এলাকার ক্যাম্পাসের সামনের রাস্তায় মানববন্ধন করেন। এরপর তাঁরা চলে যান সহ-উপাচার্য এ এইচ এম ইসহাক চৌধুরীর কার্যালয়ে। তাঁরা দাবিদাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কর্তৃপক্ষ জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানান। সহ-উপাচার্যকে অবরুদ্ধ করে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের জন্য চাপ দিতে থাকেন। তখন সহ-উপাচার্য মুঠোফোনে এবং ফ্যাক্স বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের দাবির বিষয়টি চেয়ারমানকে জানান। কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় দুপুর একটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন, শ্রেণীকক্ষ ও শিক্ষকদের কক্ষে ভাঙচুর চালান। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা আবার সহ-উপাচার্যের কক্ষে ফিরে যান। বিকেল সাড়ে তিনটায় সেখানে উপস্থিত হন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

পরে ভারপ্রাপ্ত সহ-উপাচার্যসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় ইউএসটিসি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। অবরোধমুক্ত হন ভারপ্রাপ্ত সহ-উপাচার্য।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ইমতিনান মজুমদার বলেন, ‘আমরা যৌক্তিক দাবিদাওয়া নিয়ে চেয়ারম্যানের সঙ্গে বসে আলাপ করতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের অনুরোধ রক্ষা না করায় কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।’

এ ব্যাপারে ভারপ্রাপ্ত সহ-উপচার্য ইসহাক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। আমরা এ ব্যাপারে তাদের অনুরোধে জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেছি। বিকেল পর্যন্ত তাঁর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সিদ্ধান্ত হয়েছে চার সদস্যের একটি প্রতিনিধিদল রোববার (আজ) ঢাকায় গিয়ে সরাসরি তাঁর সঙ্গে কথা বলবে।’