সহ-উপাচার্য নিয়োগের আবেদনপত্রের নমুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষামন্ত্রীর বরাবার একটি আবেদন করেছিলেন। এই আবেদনে দুজন মন্ত্রীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতা সুপারিশ করেন।

আবেদনটি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মোছা. হাস্না হেনা। আবেদনপত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ১০ অক্টোবর, ২০১৬। ওই তারিখ থেকে পরবর্তী বিভিন্ন সময়ে এতে মন্ত্রী ও দলীয় নেতাদের সুপারিশ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের পদটি শূন্য হয় গত ১৯ মার্চ। ৪ মাস পর গত ১৭ জুলাই এই পদে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আনন্দ কুমার সাহাকে নিয়োগ দেওয়া হয়।

আবেদনপত্রে বলা হয়েছে, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য পদে একজন লোক নিয়োগ করা হবে। নিম্নেœআমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণীর বায়োডাটা প্রদান করা হলো।’ শেষ অনুচ্ছেদে লেখা হয়েছে, ‘আমার যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে আমাকে উক্ত পদে নিয়োগদানের সুযোগ দিলে আমার স্বীয় কর্মতৎপরতা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে উক্ত প্রতিষ্ঠানের উন্নতিকল্পে আপ্রাণ চেষ্টা করব।’

আবেদনপত্রে সুপারিশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। জোর বিবেচনার জন্য জোর সুপারিশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নূরুল ইসলাম, সুপারিশ করেছেন রাজশাহী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মর্জিনা পারভীন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের রাজশাহী শাখার সভাপতি আতাউর রহমান।

আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে দেওয়া হয়েছে মর্জিনা পারভীন ও আতাউর রহমানের প্রত্যয়নপত্র।

আবেদন করার বিষয়টি স্বীকার করে হাস্না হেনা বলেন, ‘দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে নারী উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। আমি মনে করি, এ পদের জন্য আমি যোগ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানে একজন নারী উপ-উপাচার্য থাকতে পারেন। নারী হিসেবে আমার অধিকার আদায়ের জন্য আমি আবেদন করেছি।’ সুপারিশের ব্যাপারে তিনি বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে। সে জন্যই মন্ত্রী ও নেতারা তাঁর আবেদনে সুপারিশ করেছেন।