সহ-উপাচার্যের ছেলে প্রার্থী হওয়ায় কমিটি বিভক্ত, সভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদের ছেলে প্রার্থী হওয়ায় শিক্ষক নিয়োগ কমিটি সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করেছে। নিয়োগ কমিটির চার সদস্যের মধ্যে দুজন সহ-উপাচার্যের ছেলের নিয়োগের বিপক্ষে এবং অপর দুই সদস্য পক্ষে অবস্থান নিয়েছেন। গত শনিবার কমিটির মতবিরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে নিয়োগ মুলতবি করা হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল বুধবার কমিটি আবার সভায় বসবে।জানা যায়, ওই বিভাগে দুজন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। সাক্ষা ৎ কারে উপস্থিত ছিলেন ১৪ জন। নিয়ম অনুযায়ী সহ-উপাচার্য কমিটিতে সভাপতিত্ব করার কথা। কিন্তু ছেলে ইশতিয়াক রশিদ প্রার্থী হওয়ায় তিনি সভায় অংশ নেননি। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহিদ আকতার হুসেন কমিটিতে সভাপতিত্ব করেন। অন্য সদস্যরা হলেন: বিভাগের চেয়ারম্যান আফতাব উদ্দিন, বিভাগের শিক্ষক মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আনোয়ার হোসেন। সভা সূত্রে জানা যায়, হারুন-অর-রশিদের ছেলেকে শিক্ষক হিসেবে নিয়োগের বিরোধিতা করেছেন ওই বিভাগেরই দুজন শিক্ষক। তাঁদের একজন প্রথম আলোকে বলেন, ‘ইশতিয়াক স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম শ্রেণী পাওয়া ১২ জন শিক্ষার্থীর মধ্যে ১১তম হয়েছিলেন।’ তিনি বলেন, যাঁদের রেজাল্ট সবচেয়ে ভালো, তাঁদের নেওয়ার পক্ষে মত দেওয়া হয়েছে। ওই সদস্যের মন্তব্য হচ্ছে, ‘আমরা পাঁচ বছর এই শিক্ষার্থীদের পড়িয়েছি। বিভাগের শিক্ষক হিসেবে আমরাই জানি, কে মেধাবী আর কে নয়।’ইশতিয়াককে নিয়োগের পক্ষে মত দেওয়া কমিটির আরেক সদস্য জানান, সহ-উপাচার্যের ছেলে বলে তাঁকে নিয়োগ দেওয়া যাবে না, এই দৃষ্টিভঙ্গি অন্যায়। তিনি বলেন, ইশতিয়াক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে চাকরি করছেন। এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। এসব অভিজ্ঞতা শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পাওয়া উচিত বলে তিনি মত দেন। কমিটির সভাপতি সহিদ আকতার হুসেন প্রথম আলোকে বলেন, ‘সাক্ষা ৎ কার নেওয়ার পর সময় ছিল না, আমার ব্যস্ততা ছিল। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেক দিন বসা হবে।’ সহ-উপাচার্যের ছেলের প্রসঙ্গে মতবিরোধ ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, সিন্ডিকেটে নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কথা বলা ঠিক হবে না।সহ-উপাচার্য হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে, এটাই কি তার অযোগ্যতা? নিয়োগ কমিটির সভায় আমি নিজে সভাপতিত্ব করতে পারতাম। কিন্তু আমার ছেলে প্রার্থী হওয়ায় বিরত থেকেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়োগ কমিটির ওপর প্রভাব খাটানোর প্রশ্নই আসে না। কমিটির সদস্যরাই যোগ্য প্রার্থী নির্বাচন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।