সহ-উপাচার্যের পক্ষে জোর করে মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করে সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের পক্ষে বিভাগের কয়েকজন শিক্ষক মানববন্ধন করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ এবং ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের মাঝের এলাকায় ‘সচেতন নারী সমাজ’-এর ব্যানারে ওই মানববন্ধন হয়। এতে ইংরেজি বিভাগের ছাত্রীরা ছাড়াও ছাত্র ও শিক্ষকেরা অংশ নেন। এ সময় বক্তারা সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক শাহিনুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের একাংশের উদ্যোগে সহ-উপাচার্য শাহিনুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি, যৌন কেলেঙ্কারি ও জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততাসহ ১১টি অভিযোগ আনা হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত সোমবার শাহিনুর রহমান পাঁচ শিক্ষকের বিরুদ্ধে জিডি করেন।
নাম প্রকাশ না করার শর্তে ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, গতকাল মানববন্ধনে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীদের ওপর শিক্ষকেরা চাপ প্রয়োগ করেন। সোমবার রাতে বিভাগের কয়েকজন শিক্ষক প্রতি শিক্ষাবর্ষের প্রতিনিধিদের দিয়ে সব শিক্ষার্থীকে আজ (মঙ্গলবার) সকাল ১০টার ভেতরে বিভাগে উপস্থিত থাকার নির্দেশ দেন। তবে ক্যাম্পাসে আসার আগ পর্যন্ত তাঁরা মানববন্ধনের বিষয়টি জানতেন না।
ইংরেজি বিভাগের তিনজন ছাত্রী সাংবাদিকদের বলেন, ‘বিভাগের প্রভাষক সজীব ঘোষ স্যার আমাদের আজ সকাল ১০টায় ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেন। ওই সময়ে আমাদের কোনো ক্লাস ছিল না। পরে আরেকটি স্ট্যাটাসে তিনি সময়মতো ক্লাসে উপস্থিত না থাকলে মাথাপিছু ১০০ টাকা জরিমানা করা হবে বলে উল্লেখ করেন। ক্লাসে এলে আমাদের একপ্রকার জোর করেই মানববন্ধনে যেতে বাধ্য করা হয়।’
শিক্ষক সজীব ঘোষ বলেন, ‘ওই সময়ে ক্লাস নেওয়ার জন্য স্ট্যাটাস দিয়েছিলাম। ছাত্রছাত্রীরা অনেক সময় ক্লাস করতে চায় না। তাই জরিমানার কথা বলেছি।’ ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, ‘কোনো শিক্ষার্থীকে মানববন্ধনে আসতে জোর করিনি। বলামাত্র তাঁরা স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নিয়েছেন।’