সহ-উপাচার্যের পদ থেকে পূর্ণেন্দুকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদ থেকে পূর্ণেন্দু গাইনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে এখন স্বপদে ফিরে যেতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।পূর্ণেন্দু গাইন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক থেকে ২০০৯ সালের ৩১ মার্চ সহ-উপাচার্য পদে যোগ দেন।শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়-২) হোসনে আরা বেগম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক পদে শিক্ষক নিয়োগের বাছাই বোর্ডের চেয়ারম্যান ছিলেন সহ-উপাচার্য পূর্ণেন্দু গাইন। ওই বোর্ড পূর্ণেন্দুর স্ত্রীকে গণিতের প্রভাষক পদে নিয়োগের সুপারিশ করেছে। এ ক্ষেত্রে পূর্ণেন্দু অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্ব থেকে পূর্ণেন্দুকে অব্যাহতি দিয়েছেন। তিনি স্বপদে ফেরত যাবেন।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার গাজী আবদুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, তাঁরা গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ পেয়েছেন।এ বিষয়ে পূর্ণেন্দু গাইনের বক্তব্যের জন্য গতকাল মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।