সহ-উপাচার্যের বিরুদ্ধে এবার পাল্টা জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমানের বিরুদ্ধে এবার আওয়ামী লীগপন্থী পাঁচ শিক্ষক বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে সহ-উপাচার্য এই পাঁচ শিক্ষকের বিরুদ্ধে জিডি করেছিলেন।
বিশ্ববিদ্যালয় থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে জিডি করেন পাঁচ শিক্ষক। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক মহাসচিব রাশিদ আসকারী, বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি জাকারিয়া রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের একাংশের সভাপতি মাহবুবুল আরফিন এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তাঁদের পক্ষে মাহবুবুল আরফিন জিডিতে সই করেন। এতে বলা হয়, শিক্ষকেরা সহ-উপাচার্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার প্রাক্কালে তিনি বহিরাগত সন্ত্রাসী পাঠিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের নেতাদের বিরুদ্ধে অসত্য ও আপত্তিকর বক্তব্য উপস্থাপন করে বিশ্ববিদ্যালয় থানায় জিডি করান। এ ছাড়া তাঁদের নানা ভয়ভীতি দেখান। ভবিষ্যতে সহ-উপাচার্য তাঁদের আরও বড় ধরনের ক্ষতি করতে পারেন।
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।