সহউপাচার্যের পিএইচডি জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের পিএইচডি জালিয়াতি সংক্রান্ত অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।
রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের দাবির পরিপ্রেক্ষিতে এবং পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সহউপাচার্য শাহিনুর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জনের প্রক্রিয়া তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবু সিনাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আলীনূর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম সিদ্দিকী। কমিটির সদস্যসচিব হলেন উপরেজিস্ট্রার (শিক্ষা) নূরুল ইসলাম।
তদন্ত কমিটিকে শাহিনুর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জন প্রক্রিয়ার সত্যতা যাচাই এবং এ বিষয়ে প্রশাসনিক কোনো ত্রুটি-বিচ্যুতি ছিল কি না তা চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। গঠিত কমিটিকে অতি সত্বর উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।