
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার তাঁর সহকর্মী আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৬৯তম সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত এক সিন্ডিকেট সদস্য প্রথম আলোকে বলেন, সরকারি চাকরির বিধিমালার আলোকে কোনো শিক্ষক ফৌজদারি মামলায় গ্রেপ্তার থাকলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সিন্ডিকেট সভায় এ বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর কক্ষ থেকে ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নগরের মতিহার থানায় মামলা করেন তাঁর ছোট ভাই কামরুল হাসান। ৫ নভেম্বর এই মামলায় আতিকুর রহমানকে গ্রেপ্তার দেখায় পুলিশ। সে সময় পুলিশ দাবি করেছিল, আকতার জাহানের সঙ্গে আতিকুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আকতার জাহানের মৃত্যুর ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি চাইলেই আকতার জাহানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারতেন।
আকতার জাহানের সাবেক স্বামী ও একই বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদের বিষয়ে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য মঙ্গলবার রাতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক নাসিম রেজা বলেন, আকতার জাহানের মৃত্যুর পর বিভিন্ন জায়গা থেকে কিছু অভিযোগ আসে। আসলে অভিযোগগুলো কতটুকু সত্য তা খতিয়ে দেখার জন্য এই কমিটি কাজ করবে।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের নামের আগে ‘শেখ’ যুক্ত করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। এখন থেকে হলের সব দাপ্তরিক কাগজপত্রে ও হলের নেমপ্লেটে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল’ ব্যবহার করা হবে।