সহকর্মীকে মারধরের অভিযোগে পেশকারদের কর্মবিরতি

চট্টগ্রাম আদালতের একজন পেশকারকে কতিপয় আইনজীবী মারধর করেছেন বলে অভিযোগ তুলে আজ বুধবার কাজে যোগ দেননি পেশকাররা। এর ফলে আজ কার্যত আদালতের বিচারকাজ বন্ধ ছিল। আর আগে থেকে কোনো ঘোষণা না থাকায় বিচারকাজে আদালতে আসা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
আগামীকাল বৃহস্পতিবার পেশকার ও আইনজীবীদের প্রতিনিধিদলের সঙ্গে অভিযোগের বিষয়ে বৈঠক করবেন মহানগর দায়রা জজ ও মুখ্য মহানগর হাকিম। বৈঠকের সিদ্ধান্তের পর পেশকাররা তাঁদের সিদ্ধান্ত জানাবেন।
আদালতের কার্যতালিকা অনুযায়ী যেসব মামলার শুনানির দিন ধার্য থাকে, পেশকাররা সেসব মামলার নথি বিচারকের সামনে উপস্থাপন করে থাকেন। কোন কোন মামলা শুনানির জন্য কোন পর্যায়ে রয়েছে, তা বিচারককে অবহিত করেন এবং শুনানি শেষে আদালতের নির্দেশ বা আদেশ অনুযায়ী নথির আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পেশকাররা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ আদালতের বিভিন্ন এজলাসে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সব আদালতের বিচারকাজ কার্যত বন্ধ হয়ে পড়ে। পরে দুপুর ১২টার দিকে তালাগুলো খুলে দিলেও কাজে যোগ দেননি তাঁরা। সকালের দিকেও বিক্ষোভ করেন তাঁরা।
এদিকে আইনজীবীরাও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এরপর মহানগর দায়রা জজ আদালতের বিচারকের খাস কামরায় বৈঠকে বসেন মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। সেখানে সিদ্ধান্ত হয়, আগামীকাল বেলা দুইটায় পেশকারদের চারজন ও আইনজীবীদের চারজনের একটি প্রতিনিধিদল মহানগর দায়রা জজ আদালতের বিচারকের সঙ্গে বৈঠকে বসবেন। বিষয়টি পেশকারদের জানানো হলে তাঁরা আজকের জন্য কর্মবিরতি স্থগিত করেন। কালকের বৈঠকের পর তাঁরা তাঁদের সিদ্ধান্ত জানাবেন।
চট্টগ্রাম আদালত জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি নূর মোহাম্মদ সকালে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমাদের এক পেশকারকে গতকাল মঙ্গলবার আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে মারধর করেন কিছু আইনজীবী। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ দেব না।’