সহকর্মীকে হত্যার দায়ে পোশাক শ্রমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে সহকর্মীকে হত্যার দায়ে এক পোশাক শ্রমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের চার বছর পর আজ রোববার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল হালিম (২৬) বগুড়ার সোনাতলা থানার মোনার পটল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মৌচাক এলাকার দক্ষিণপাড়া আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকতেন।
সরকারি কৌঁসুলি (পিপি) হারিছ উদ্দিন আহমদ জানান, রংপুরের পীরগাছা উপজেলার জয়সেন গ্রামের শাহ আলম তার পরিবার নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ডুলিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। শাহ আলমের ছেলে মো. মাসুদ মিয়া (১৬) স্থানীয় হানিফ স্পিনিং মিলে চাকরি করতেন।
২০১১ সালের ১৬ মার্চ ওই মিলের গ্রাউন্ড এয়ার রিটার্ন ডাস্টের ভেতর থেকে গলা কাটা অবস্থায় মাসুদের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মাসুদের বাবা শাহ আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের কথা উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাইফুল আলম ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মাসুদের সহকর্মী আব্দুল হালিমকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাসুদকে হত্যার কথা স্বীকার করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৪ মে আব্দুল হালিমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ শুনানি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত রায় ঘোষণা করেন। এতে অভিযুক্ত হালিমকে মৃত্যুদণ্ড দেন এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।