আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকশ্রমিক নেতা আমিনুল ইসলামকে হত্যা করেছেন বলে মনে করে তাঁর পরিবার ও সহকর্মীরা। তাঁরা বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারকে এ কথা বলেছেন। আমিনুল হত্যার বিষয়ে অধিকারের এক তথ্যানুসন্ধান প্রতিবেদনে এ কথা বলা হয়। অধিকারের প্রতিবেদনে বলা হয়, গত ৪ এপ্রিল সন্ধ্যায় আমিনুলকে (৩৯) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহরণ করে বলে তাঁর পরিবার অভিযোগ করে। পরদিন ৫ এপ্রিল সকালে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার পুলিশ ব্রাহ্মণশাসন মহিলা মহাবিদ্যালয়ের সামনের রাস্তা থেকে আমিনুলের লাশ উদ্ধার করে।আমিনুলের ঘটনায় ‘তথ্যানুসন্ধান করতে গিয়ে পরিবারের সদস্য, সহকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে’ গতকাল শনিবার একটি আনুষ্ঠানিক ‘তথ্যানুসন্ধানী প্রতিবেদন’ প্রকাশ করেছে অধিকার।সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘ উদ্ধৃতিসহ প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ‘আমিনুলের সহকর্মীদের বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই আমিনুলকে হত্যা করেছে বলে প্রকাশ পায়।’ তবে শিল্পাঞ্চল থানার পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাভার অঞ্চলের কর্মকর্তারা এ হত্যাকাণ্ডে তাঁদের সংস্থার সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।আমিনুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) নেতা ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক ছিলেন।অধিকারের প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ শ্রমিক সংহতি কেন্দ্রের (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তার তথ্যানুসন্ধানী দলকে বলেছেন, এর আগে ২০০৬ সালে কয়েকবার ও ২০১০ সালের ১৬ থেকে ১৮ জুন এনএসআইয়ের সদস্যরা জিজ্ঞাসাবাদের নামে আমিনুলকে ধরে নিয়ে নির্যাতন করেছিলেন। তিনি মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই আমিনুলকে ধরে নিয়ে হত্যা করেছেন।বিসিডব্লিউএসের ব্যবস্থাপনা পরিচালক বাবুল আখতার বলেছেন, সাভার অঞ্চলের শিল্পাঞ্চল পুলিশ আমিনুলকে প্রায়ই হয়রানি করত, সর্বশেষ গত মার্চেও তাঁকে অল্প সময়ের জন্য আটক করা হয়। আমিনুলকে কেন বারবার ধরে নিয়ে হয়রানি করা হচ্ছে, তখন এ ব্যাপারে জানার জন্য বাবুল আখতার গত ১০ মার্চ বিকেলে শিল্পাঞ্চল পুলিশের ইপিজেড শাখার সহকারী পরিচালক ফসিয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। ফসিয়ার রহমান জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শিল্পাঞ্চল পুলিশ আমিনুলকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানার জন্য এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন। বাবুল আখতার বলেন, এরপর তিনি এনএসআইয়ের কাছে শ্রমিকনেতা আমিনুলকে বারবার গ্রেপ্তারের কারণ জানতে চান। জবাবে এনএসআইয়ের কর্মকর্তা তখন বাবুল আখতারকে এ ব্যাপারে কোনো রকম তৎপরতা চালাতে নিষেধ করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।অবশ্য এই গোয়েন্দা কর্মকর্তা অধিকারকে বলেছেন, আমিনুলের ঘটনার সঙ্গে এনএসআইয়ের কোনো সম্পৃক্ততা নেই। আমিনুলের আরেক সহকর্মী লাবণী আক্তার অধিকারকে বলেছেন, গত ৪ এপ্রিল সন্ধ্যায় আশুলিয়ার বিসিডব্লিউএসের আঞ্চলিক কার্যালয় থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তাঁরা বের হন। লাবণী জানান, বের হয়ে গেটের সামনে একটি পুলিশ ভ্যান দাঁড়ানো দেখে তাঁকে আমিনুল বলেন, আবারও কোনো পুলিশি হয়রানিতে পড়তে হতে পারে। এরপর আমিনুল একটি রিকশায় চড়ে চলে যান।’ পরের দিন ঘাটাইল এলাকায় তাঁর লাশ পাওয়া যায়।নিহত শ্রমিকনেতার স্ত্রী হোসনে আরা বেগমও দাবি করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁর স্বামীকে হত্যা করেছেন। অধিকার আমিনুল হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।