সহকর্মীর অসতর্কতায় পুলিশ গুলিবিদ্ধ
নীলফামারীতে এক নারী পুলিশের অসতর্কতায় তাঁর শটগানের গুলিতে আহত হয়েছেন পুলিশের এএসআই আমিনুর রহমান (৩৬)। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার নীলফামারী জজ আদালতের প্রধান ফটকের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল পৌনে নয়টার দিকে জজ আদালতের প্রধান ফটকের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা যেখানে অবস্থান করেন সেখান থেকে গুলির শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ সদস্যদের অপর এক পুলিশ সদস্যকে হাসপাতালে নিতে দেখা যায়।
পুলিশ সূত্র জানায়, নীলফামারী জজ আদালতে স্থানীয় পুলিশ লাইনের এএসআই আমিনুর রহমানের নেতৃত্বে নারী পুলিশসহ তিনজন প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় দায়িত্বরত নারী পুলিশ কনস্টেবল তানজিনার (২২) হাতে থাকা শটগান থেকে অসর্তকায় একটি গুলি বেরিয়ে যায়। এতে এএসআই আমিনুরের ডান হাঁটু গুলিবিদ্ধ হয়।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবদুল আউয়াল বলেন, সকাল নয়টার দিকে ওই পুলিশ সদস্যকে এ হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করে তাঁর ডান হাঁটু থেকে ছয়টি ছররা গুলি অপসারণ করা হলেও ভেতরে আরও একটি রয়ে গেছে। সেটি অপসারণ করা সম্ভব না হওয়ায় ও প্রচুর রক্তক্ষরণের কারণে ওই এএসআইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নীলফামারী পুলিশ লাইনসের আরও (রিজার্ভ অফিসার) এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসতর্কতায় কনস্টেবল তানজিনার শটগান থেকে এ দুর্ঘটনা ঘটে। ওই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, আজকে মানবতাবিরোধী অপরাধ মামলায় মুজাহিদ ও সাকা চৌধুরীর রায় ঘোষণার কথা। তাই জজ আদালতে নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই আমিনুর তাঁর অধীনস্তদের অস্ত্র লোড করে রাখতে বলেছিলেন।