সহকর্মীর অস্ত্র থেকে বের হওয়া গুলিতে কনস্টেবল আহত
সহকর্মীর অস্ত্র (শটগান) থেকে বের হওয়া গুলিতে আহত হয়েছেন ঢাকার সাভারের আমিনবাজার পুলিশ ক্যাম্পের কনস্টেবল সেলিম হোসেন (২৫)। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানা জানায়, পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী ও এলাকাবাসী গতকাল সোমবার ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ এবং ওই ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ করেন। তখন ক্যাম্পের কয়েকজন কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ট্রিগারে চাপ লেগে সহকর্মী আবু শরীফের শটগান থেকে দুটি গুলি বের হয়ে সেলিমের বাঁ হাতের কনুইয়ের নিচে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে দুটি গুলি বের করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসতর্ক মুহূর্তে চাপ লেগে গুলি বের হয়ে সেলিম আহত হন।