সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক নিয়াজ আহমেদের ওপর হামলার প্রতিবাদে ও দোষী ছাত্রের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন।

এ ছাড়া ক্যাম্পাসে আলাদা আলাদাভাবে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীদের কয়েকটি পক্ষ।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে ক্যাম্পাসে মৌন মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইসমাইল হোসেন, অধ্যাপক তুলসী কুমার দাস, সহযোগী অধ্যাপক আমেনা পারভিন প্রমুখ। বক্তারা হামলাকারী শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল, রিমান্ডে নিয়ে প্রকৃত সত্য উদঘাটন ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার দাবি জানান।

একই দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে মৌন মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরেকটি অংশ। বেলা ১১টার দিকে টিচার্স ক্যানটিনের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিল শেষে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে সমাবেশে হয়। এতে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুল আউয়াল বিশ্বাস, লাইফ সায়েন্স অনুষদের ডিন নাজিয়া চৌধুরী, ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের অধ্যাপক আখতারুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক সাজেদুল করিম প্রমুখ।

মিছিল-সমাবেশের পাশাপাশি সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ দফা দাবিতে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষক সমিতি।

দুটি তদন্ত কমিটি গঠন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার অধ্যাপক নিয়াজের ওপর হামলার ঘটনায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুল আউয়াল বিশ্বাসকে আহ্বায়ক করে গতকাল রোববার তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান ও রসায়ন বিভাগের অধ্যাপক দীপেন দেবনাথ।

এ ছাড়া নিয়াজ আহমেদের ওপর হামলার দিন সেমিস্টার ফাইনাল চলাকালে বিভিন্ন বিভাগে গিয়ে হামলার ঘটনায় এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন নারায়ণ সাহাকে আহ্বায়ক করে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস ও রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ শামসুল আলম।

গত বৃহস্পতিবার সকালে সমাজকর্ম বিভাগের প্রধান নিয়াজ আহমেদকে তাঁর দপ্তরে ঢুকে কুপিয়ে জখম করেন একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ওয়েস আহমদ। হামলা করে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। ঘটনার পর ক্লাস-পরীক্ষা বন্ধ না করায় দুপুরে বিভিন্ন বিভাগে সেমিস্টার ফাইনাল চলাকালীন ছাত্রলীগের কর্মীদের নেতৃত্বে হামলা চালানো হয়। ওই দিনই নির্বাহী আদেশে ওয়েসকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের ঘোষণা দেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া।

ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটির সভায় ওয়েসের স্নাতক সনদ সাময়িকভাবে বাতিল ও তাঁকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় ওয়েস আহমদকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় আটক দেখিয়ে ওয়েসকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এদিকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিত্সকদের পরামর্শে অধ্যাপক নিয়াজ গতকাল বিকেলে বাসায় ফিরেছেন।