সহকর্মীর গুলিতে কনস্টেবলের মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সহকর্মীর গুলিতে মো. আনোয়ার (২৪) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার সাজেক থানার আওতাধীন বাঘাইহাট পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
ফাঁড়ির পুলিশ সদস্যরা জানান, গতকাল সকাল পৌনে ১০টার দিকে কনস্টেবল আনোয়ারের সঙ্গে আরেক কনস্টেবল মো. মোস্তাফিজের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তাফিজ তাঁর চায়নিজ রাইফেল দিয়ে আনোয়ারকে কয়েকটি গুলি করেন। এর তিনটি গুলি আনোয়ারের পেটে বিদ্ধ হয়। তাৎক্ষণিক তাঁকে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সদস্যরা জানান, কনস্টেবল মোস্তাফিজ পুলিশ ফাঁড়ির মেস ব্যবস্থাপকের দায়িত্বে আছেন। এ মেস চালানোর টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পরপরই মোস্তাফিজকে আটক করা হয়।
রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিহত আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদোর গ্রামের কবির আহমদের ছেলে।