সহকর্মীর গুলিতে আহত পুলিশের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে আজ বুধবার সহকর্মীর গুলিতে গুরুতর আহত পুলিশ সদস্য আনোয়ার হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, আনোয়ার তাঁর সহকর্মী মোস্তাফিজের গুলিতে গুরুতর আহত হন। সাজেক থানার আওতাধীন বাঘাইহাত পুলিশ ক্যাম্পে সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের পেটে তিনটি গুলি লাগে। তাঁকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম জানান, চট্টগ্রাম সিএমএইচে নেওয়ার পথে হেলিকপ্টারেই আনোয়ারের মৃত্যু হয়।
বাঘাইহাত ক্যাম্পের পুলিশ সদস্যরা বলছেন, মোস্তাফিজ ছিলেন ক্যাম্পের মেস ম্যানেজার। আনোয়ারের সঙ্গে মেসের অর্থ নিয়ে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে মোস্তাফিজ আনোয়ারকে লক্ষ্য করে রাইফেল থেকে গুলি ছোড়েন।