সহকর্মীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক শাহেলা আক্তারের বাসায় চুরির ঘটনায় তিনি এক সহকর্মীকে প্রধান আসামি করে মামলা করেছেন। এ মামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে মিছিল করে পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনের বেলা শাহেলা আক্তারের সরকারি বাসভবনে চুরি হয়। এ সময় তিনি বাসায় ছিলেন না। চোরেরা ঘরের তালা ভেঙে ২ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
শাহেলা আক্তার বলেন, ‘চুরির ঘটনায় জড়িত নিশ্চিত হয়েই হংসপতি শিকদারকে আসামি করেছি।’ হংসপতি শিকদার বলেন, ‘ব্যক্তিগত বিরোধের জেরে আমাকে আসামি করা হয়েছে।’
ওই মামলার প্রতিবাদে গতকাল কয়েকজন চিকিৎসক, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মচারীরা মিছিল করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর নেতৃত্ব দেন।
মিছিলে অংশ নেওয়া জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ননী গোপাল রায় বলেন, ‘শাহেলা আক্তারের সঙ্গে তাঁর সহকর্মী চিকিৎসক হংসপতি শিকদারের বিরোধ রয়েছে। এর জের ধরে হংসপতিকে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে এসপি সাহেবের কাছে গিয়েছিলাম।’
এসপি ওয়ালিদ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ফখরুল আলম বলেন, ‘সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মিছিলে যাননি। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মিছিলে যাওয়ার কথা শুনেছি।’