সহকর্মীর মৃত্যু ছাপিয়ে পুলিশের আনন্দোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে পুলিশের জন-আদেশ ব্যবস্থাপনা বিভাগে (সাবেক দাঙ্গা দমন বিভাগ) গত মঙ্গলবার রাতভর অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। নাটোরে সড়ক দুর্ঘটনায় ছয়জন সহকর্মীর মৃত্যু ও ১৯ জন আহত হওয়ার পর এ ধরনের অনুষ্ঠান নিয়ে খোদ পুলিশের ভেতর থেকেই অনেকে প্রশ্ন তুলেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক সাংবাদিকদের বলেন, এ ঘটনার পর তিনি অনুষ্ঠানে গিয়ে গানের অংশটি বাতিল করে দেন। একই সঙ্গে নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করতে বলেন। পুলিশ কর্মকর্তারা জানান, অনুষ্ঠান উপলক্ষে জন-আদেশ ব্যবস্থাপনা বিভাগের মাঠে বিশাল প্যান্ডেল স্থাপন করা হয়। তার মাঝখানে তৈরি মঞ্চে পুলিশ বাহিনীর সদস্যরা একটি গীতি আলেখ্য মঞ্চস্থ করেন। এ ছাড়া অনুষ্ঠানে গানের আয়োজনও ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান চলাকালেই ওয়ার্ড কমিশনার আহাম্মদ হোসেনের নিহত হওয়ার খবর যায় পুলিশ কর্মকর্তাদের কাছে। তার পরও গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় এত সহকর্মীর মৃত্যুর ঘটনায় এ ধরনের অনুষ্ঠান বাতিল করা যেত। এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করার ব্যাপারে জানতে চাইলে পুলিশের জনসংযোগ শাখা থেকে বলা হয়, এটি পূর্বনির্ধারিত ছিল।