নওগাঁর রানীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও কানুনগোর দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে ভূমিসংক্রান্ত কাজের জন্য উপজেলার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের ৫ আগস্ট তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) নূর উদ্দিন আল-ফারুক অন্যত্র বদলি হয়ে যান। এরপর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই পদ শূন্য রয়েছে। একই সঙ্গে কানুনগোর পদটিও শূন্য রয়েছে। খারিজসংক্রান্ত কাজে বেশি সময় লাগার কারণে জমির মালিকেরা প্রয়োজনমতো তাঁদের জমি কেনাবেচা করতে পারছেন না। এই সুযোগে একশ্রেণির দালাল জমির মালিকদের ভূমিসংক্রান্ত কাজ দ্রুত করে দেওয়ার লোভ দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে জমির মালিকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
উপজেলার বিশিয়া গ্রামের আজিজার রহমান বলেন, সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় জমির খাজনা ও খারিজ নিয়ে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে একশ্রেণির দালালদের খপ্পরে পড়ে অনেকে টাকাপয়সা খোয়াচ্ছেন। ভূমি অফিস খোলার সঙ্গে সঙ্গে দালালেরা অফিস এলাকা দখলে নেন, এ সময় সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়েন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকলেও প্রশাসনিক কাজকর্মের কারণে বেশি সময় ব্যস্ত থাকায় নির্ধারিত তারিখে ভূমিসংক্রান্ত কাজ করতে মাঝেমধ্যেই বিলম্ব হয়। ফলে জনগণের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে।
ইউএনও মনিরুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘আমার দপ্তর থেকে প্রায় দুই লাখ মানুষের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পর কর্তৃপক্ষের নির্দেশে আমাকে ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। প্রশাসনিক কাজে মাঝেমধ্যেই কর্মস্থলের বাহিরে থাকায় জনগণকে সেবা দিতে কিছুটা কমতি হলেও সাধ্য অনুযায়ী চেষ্টা করছি।’ তবে সহকারী কমিশনার (ভূমি) শূন্য পদে লোক দিলে সামান্যতম জন ভোগান্তি হবে না বলে তিনি জানান।