সহকারী কমিশনারকে ছাত্রলীগ নেতার হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশিদুল হাসান চৌধুরীকে গালাগালির পাশাপাশি গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ইলিয়াছ খান জানান, বিকেলে ওই কার্যালয়ে সহকারী কমিশনার রাশেদুল হাসান চৌধুরী তাঁর (ইলিয়াস খান) জায়গা খারিজসংক্রান্ত একটি মামলার শুনানি করছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ ও তাঁর দুই সহযোগী সেখানে গিয়ে রাশেদুল হাসানের সঙ্গে কথা বলতে চান। এ সময় রাশেদুল হাসান তাঁদের অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পরই মাসুম বিল্লাহ আবার কার্যালয়ে ঢুকে রাশেদুল হাসানকে গালিগালাজ শুরু করেন। ইলিয়াস খানের ভাষায়, ‘এ সময় মাসুম বিল্লাহ বলেন, ‘‘আমি জেলা ছাত্রলীগের সভাপতি, আমার কাজই আগে করতে হবে। অন্যদের কাজ পরে।’’ একপর্যায়ে মাসুম বিল্লাহ রাশিদুল হাসানকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাসুম ও তাঁর সহযোগীরা ওই স্থান ত্যাগ করেন।’ সহকারী কমিশনার বলেন, ওই ঘটনার কিছুক্ষণ পরেই তাঁর ব্যক্তিগত মুঠোফোনে ফোন করে তাঁকে গালিগালাজ করা হয় এবং মারধর করার হুমকি দেওয়া হয়। অভিযোগের ব্যাপারে মাসুম বিল্লাহ বলেন, ‘আমার বড় ভাইয়ের জায়গাসংক্রান্ত একটি কাগজ আনতে গেলে কাছে টাকা দাবি করা হয়। আমার পরিচয় দেওয়ার পরও তাঁরা কাজটি না করায় আমি সেখানে গিয়েছিলাম। আমার সঙ্গের ছেলেরা একটু খারাপ ব্যবহার করেছে। তবে আমি কাউকে হুমকি দেইনি বা গালাগাল করিনি। ঘটনাটি মীমাংসা করে ফেলা হবে।’জেলা প্রশাসক নূর মোহামঞ্চদ মজুমদার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সহকারী কমিশনারকে এ ঘটনাটি আমাকে লিখিতভাবে জানানোর কথা বলেছি। পাশাপাশি তাঁরা বেআইনি কিছু করে থাকলে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছি।’