সহকারী কমিশনারকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। রোববার তিনি এ বদলির আদেশ পান। সোমবার তিনি বোয়ালমারী ত্যাগ করেন।

গত রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ই-মেইলের মাধ্যমে আনিসুজ্জামানকে তাৎক্ষণিক বদলির কথা জানানো হয়। ওই আদেশে তাঁকে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদানের জন্য বলা হয়েছে। আদেশে রোববার বিকেলেই বর্তমান কর্মস্থলে ‘অবমুক্ত’ করার আদেশ দিয়ে অবিলম্বে দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বুঝিয়ে দিতে বলা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোয়ালমারীতে কিছু কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়ে উঠেছিলেন সহকারী কমিশনার আনিসুজ্জামান। গুনবাহা ইউনিয়নে সড়কের পাশে একটি সরকারি গাছ কাটার ব্যাপারে তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এ ছাড়া গত ১৮ জানুয়ারি পৌরসভার চতুল মহল্লার বাসিন্দা ব্যবসায়ী মো. মনিরুজ্জামান মৃধা ফরিদপুর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে উপজেলার পরিষদের সামনের একটি জমির মালিকানা নিয়ে মামলা করেন। ওই মামলায় বোয়ালমারীর অন্য তিন নাগরিকের সঙ্গে সহকারী কমিশনারকেও বিবাদী করা হয়। এ ছাড়া মনিরুজ্জামান মৃধা এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।

তাৎক্ষণিক বদলির ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান বলেন, কীভাবে বা কেন হঠাৎ করে তাঁকে এ বদলি করা হলো তা তিনি জানেন না। তবে যেহেতু তিনি সরকারি চাকরি করেন, সেহেতু সরকার যেখানে তাঁকে পোস্টিং দেবে, তিনি সেখানেই গিয়ে কাজ করবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, সহকারী কমিশনার রোববার তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণেই জনস্বার্থে আনিসুজ্জামানকে তাৎক্ষণিক এ বদলি করা হয়।