সহকারী কমিশনারসহ আটজনকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামসহ ভূমি কার্যালয়ের আট কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হলো। সিলেটের বিভাগীয় কমিশনার ও হবিগঞ্জের জেলা প্রশাসক এ-সংক্রান্ত চিঠি গত মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরে পাঠান।
বদলি করা অন্য কর্মকর্তা-কর্মচারীরা হলেন ভূমি অফিসের প্রধান সহকারী ও হিসাবরক্ষক জিয়াউর রহমান, জরিপকারী (সার্ভেয়ার) মানিক মিয়া, সার্টিফিকেট সহকারী তজমুল হক এবং অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক সুধাবিন্দু দাস, আবদুল বারিক, সফিকুল আলম মোল্লা ও হরিমোহন সরকার।
হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগীয় কমিশনার জামালউদ্দিন আহম্মেদ মঙ্গলবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় পরিদর্শনে যান। তখন তিনি নানা অনিয়ম দেখতে পান। এলাকার লোকজনও তাঁর কাছে নানা অনিয়ম, দুর্নীতি ও ভোগান্তির কথা তুলে ধরেন। পরে বিভাগীয় কমিশনার এক চিঠিতে মো. রফিকুল ইসলামকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বদলির নির্দেশ দেন। পাশাপাশি ওই কার্যালয়ের অপর সাত কর্মকর্তা ও কর্মচারীকে তাৎক্ষণিক বদলির জন্য হবিগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেন। বিভাগীয় কমিশনারের নির্দেশ অনুযায়ী একই দিন সাত কর্মকর্তা ও কর্মচারীকে জেলার বিভিন্ন স্থানে বদলির আদেশ দেওয়া হয়।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম ভূমি কার্যালয়ের আটজনকে একযোগে বদলির সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে মো. রফিকুল ইসলামের মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।