নাটোরের গুরুদাসপুর উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনারসহ (ভূমি) চেইনম্যান, প্রসেস সার্ভার ও সার্টিফিকেট সহকারীর ছয়টি পদ শূন্য রয়েছে।এ কারণে খাজনা খারিজ, জমির খাসপত্তনি তদন্তসহ জমিসংক্রান্ত যাবতীয় কাজ সঠিকভাবে সম্পাদন করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে দুই দফায় দুজন সহকারী কমিশনার যোগদান করলেও চার-পাঁচ মাস থাকার পরই তাঁরা বদলি হয়ে অন্যত্র চলে যান। অন্যদিকে, চেইনম্যান পদে দুজন, প্রসেস সার্ভার পদে একজন ও সার্টিফিকেট সহকারী পদে দুজনের পদ পাঁচ বছর ধরে শূন্য রয়েছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, তিন কক্ষবিশিষ্ট এ কার্যালয়ের সহকারী কমিশনারের কক্ষটি তালাবদ্ধ। পাশে নাজিরের কক্ষে সাত-আটজন লোকের জটলা আর বারান্দায় অপেক্ষা করছে সাত-আটজন। আরেকটি কক্ষে অফিস সহকারীদের কাছে তিন-চারজন লোক খোঁজখবর নিচ্ছে।এ সময় রুহাই গ্রামের আবদুল আজিজ, ধারাবারিষা গ্রামের খাদেম বক্স ও পাটপাড়া গ্রামের আখেজ আলী জানান, তাঁরা প্রায় ছয় মাস ধরে জমি খারিজের জন্য অফিসে কাগজপত্র জমা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত খারিজ হয়নি। পাশাপাশি জমির খাসপত্তনি তদন্ত করাও হচ্ছে না। মাসের পর মাস ধরনা দিয়েও সেবা পাচ্ছেন না তাঁরা। অফিসের লোকজন আজ নয়, কাল আসেন; কাল এলে পরশু আসেন বলে ঘোরাচ্ছেন।ভূমি অফিসের নাজির এস এম নিজাম উদ্দিন বলেন, ২০০৭ সালের দিকে সহকারী কমিশনার পদে নাছিমা খাতুন দায়িত্ব গ্রহণ করলেও ছয়-সাত মাস পর তিনি বদলি হন। ২০১১ সালে নাজমুন্নাহার একই পদে যোগদান করলেও তিনি চার-পাঁচ মাস পর বদলি হন। তা ছাড়া অন্য পদে লোকবল না থাকায় ১৩ জনের কাজ সাতজনকে করতে হচ্ছে। এ কারণে ভূমিসংক্রান্ত কাজগুলো দ্রুত সম্পাদন করা যাচ্ছে না। সহকারী কমিশনারের কাজগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছে। দিনের পর দিন মানুষের চাপ বেড়েই চলেছে। জমি খারিজ, খাসজমির তদন্তসহ অফিসের সব কাজ করা সম্ভব হচ্ছে না।গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মাজেদা ইয়াসমীন বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তা ছাড়া ভূমি অফিসের বাড়তি কাজ করতে গিয়ে আমার অফিসের কাজও বিঘ্নিত হচ্ছে।’